স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেবাগ্রহীতা ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে প্রায় ৩ কোটি টাকা প্রয়োজনের বিষয়টি তুলে ধরা হয়। এ সময় প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন এ. মতিন চৌধুরী। পাশাপাশি পর্যায়ক্রমে আরও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।