মো: মুর্শিকুল আলম:: গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকার হত দরিদ্র ভিক্ষুকদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এসব গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবর রহমান।
এ সময় তিনি বলেন, ভিক্ষাবৃত্তি একটি খারাপ পেশা ভিক্ষাবৃত্তি কোন পেশা হতে পারে না। আমার উপজেলায় কোন বিক্ষোভ থাকবে না এমন চিন্তা ভাবনা করেই উপজেলার বিভিন্ন অঞ্চলের ভিক্ষুকদের স্বাবলম্বী করার জন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত ১৭৫ জন ভিক্ষুকদের মাঝ থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে একটি করে বকনা গরু প্রদান করা হয়। বাদ পড়া প্রত্যেকেই পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। তিনি বলেন, ভিক্ষুকরা যেন গরুর লালন পালন করে ভিক্ষা বৃত্তি ছেড়ে নিজেরা স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যেই তাদের মাঝে গরু বিতরণ করা হয়।
এ সময় ভিক্ষুকরা এসব গরু পেয়ে সমাজসেবা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন, আমরা ভিক্ষা করে কোনভাবে দিনাতিপাত করে আসছি। ভিক্ষা করে টাকা জমিয়ে গরু কিনা সম্ভব না। এমপি সাহেব আমাদেরকে গরু উপহার দিয়েছেন আমরা এটা লালন পালন করে নিজেরা ভালোভাবে চলতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণী সম্পদ উপ পরিচালক মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি আনম ইব্রাহিম খলিল, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা।