স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আসামি লিয়াকত হোসেন (৩৫) একই উপজেলার আজুলি পাড়া এলাকার সামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে নিজ বাড়িতে ফিরছিলেন খলিলুর রহমান। পূর্ব শত্রুতার জের ধরে লিয়াকত গতি রোধ করে খলিলুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে লিয়াকত ধারালো অস্ত্র দিয়ে খলিলুরের পায়ে আঘাত করলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়ে। তবে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বড় ভাই রাজ্জাক জানান, আমার ভাইকে তারা হত্যা করেছে। পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আমার ভাইয়ের উপর হামলা চালায়। আমি সুষ্ঠু বিচার দাবি করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান জানান, অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।