স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে নারীসহ আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ফারজানা আক্তার (২১), মো. মারুফ (৩৪), সজীব মিয়া (২৭), তোফাজ্জল (৪৫) ও খাইরুল ইসলামকে (২৬) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আজাদ হোসেন (২৯), আব্দুল্লাহ (২৯) ও হাফিজুল ইসলামকে (২৭) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার বিকেলে উপজেলার সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। এ সময় কালিয়াকৈর থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে আটজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।