স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে একটি খামারে অভিযান চালিয়ে দিনাজপুর থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হচ্ছে- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সালমা আক্তার (৩০), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার রুবিনা বেগম (২৫) এবং তার বাবা মজিবুর রহমান (৪৫)। অপরদিকে চোর চক্রের মূল হোতা সুমন শেখ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। রোববার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে দিনাজপুর থেকে চুরি হওয়া পাঁচটি গরু কালিয়াকৈরের মজিদচালা এলাকায় একটি খামারে এনে রাখা হয়। সুমন শেখ নামে চোর চক্রের এক সদস্য এসব গরু সেখানে রাখার ব্যবস্থা করেন বলে পুলিশের কাছে তথ্য আসে। এছাড়াও মোখলেছুর রহমানের মালিকানাধীন খামারটি ভাড়া নিয়ে সেখানে গরু পালন করা হতো। এর আড়ালে বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই হওয়া গরু এনে রাখা হতো এবং পরে সুযোগ বুঝে তা বাজারে বিক্রির করা হতো বলে অভিযোগ রয়েছে। এইসব ঘটনার তথ্য পেয়ে পুলিশ ওই খামারটিতে অভিযান চালায়। এ সময় সেখানে থাকা পাঁচটি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে গরু চুরি ও বেচাকেনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।