স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় চাঁদপুর বাজারে শনিবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৮টি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন জানান, শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে চাঁদপুর বাজারের পূব পাশের সোলায়মান খানের পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানের গ্যাস সিলিন্ডার সমূহে বিস্ফোরণ ঘটলে এবং তেলের ড্রামে আগুন লাগলে তা ব্যাপক আকার ধারণ করে আশপাশের অন্তত ২৮টি দোকানে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি স্বর্ণের দোকান, বেশ কয়েকটি কাপড়ের দোকান, মুদি দোকান, স্টেশনারী দোকান, হার্ডওয়্যা রের দোকান, মিস্টির দোকান, ফলের দোকান ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখাও রয়েছে।
চাঁদপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মোড়ল জানান, বিকেল পাঁচটার দিকে বাজারের খাঁন ট্রেডার্স নামক একটি এলপি গ্যাস ও জ্বালানী তেলের দোকানে প্রথম আগুন লাগে। পরে গ্যাস ও তেলের সংমিশ্রণে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মাঝেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তাদের প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়ানোর জন্য তিনি প্রশাসনের কাছে জোড় দাবি জানান।
এ বিষয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম গোলাম মোর্শেদ খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।