স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট-সংলগ্ন এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| এতে প্রায় ৮টি দোকান ও ১টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে| বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে|
অগ্নিকান্ডের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন| পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন|
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন| অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে| আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে|
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, আগুনে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার বেশি হতে পারে|
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকা, মোহাম্মদ রাসেলের প্রায় ৫ লাখ টাকর ক্ষতি হয়েছে|
এ বিষয়ে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে| আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না|