October 9, 2026, 8:31 pm

এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পরিবেশমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি::
  • আপডেট Friday, October 9, 2026
  • 23 জন দেখেছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:: আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে সারাদেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিবেশদূষণ অনেকটাই কমে আসবে। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। সারাদেশেই এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা হবে। খুব শিগগিরই এ উদ্যোগের সুফল দৃশ্যমান হবে।
গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পার্কটি পরিদর্শন করেছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। এখানকার বিভিন্ন সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি ও যাতায়াতের সমস্যা নিয়েও কথা বলেন। তিনি বলেন, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। রাস্তার সমস্যার কারণে অনেকে নিজেদের জমিতে যেতে পারেন না। এ সমস্যা সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনের জমি পুনরুদ্ধারে মামলা করা হয়েছে।
এর আগে, মন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এসময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর