July 11, 2026, 3:00 pm

একুশে পদকজয়ী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই

Reporter Name
  • আপডেট Wednesday, September 20, 2023
  • 161 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আর নেই। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটায় ধানমন্ডির নিজ বাসায় মারা গেছেন তিনি। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

জানা গেছে, জিনাত বরকতুল্লাহ দীর্ঘ দিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুস সংক্রমণে আক্রান্ত ছিলেন। চলতি বছরের মার্চে তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। একবার তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। স্বাধীন বাংলাদেশে নৃত্যচর্চায় যে’কজন অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, তাদেরই একজন জিনাত বরকতুল্লাহ। সত্তরের দশকের শুরুতেই তার নৃত্যচর্চার সূচনা। প্রথম দিকে তিনি শাস্ত্রীয় নৃত্যের তিনটি ধারা ভারতনাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্যে শিক্ষা লাভ করেন। তবে পরবর্তীতে জিনাত লোকনৃত্যেই নিজেকে অধিকতর মেলে ধরেন। অভিনয়ে জিনাত বরকতুল্লাহর পথচলা ১৯৮০ সালের ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে। এটি বিটিভিতে প্রচার হয়েছিল। পরবর্তীতে ‘ঘরে বাইরে’, ‘কথা বলা ময়না’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’সহ অন্তত ৮০টি নাটকে অভিনয় করেছিলেন বলে জানা যায়।

দেশের নৃত্যচর্চায় অসামান্য ভূমিকা রাখায় ২০২২ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি। এছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছিলেন গুণী এই শিল্পী। ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার প্রয়াত মোহাম্মদ বরকতুল্লার স্ত্রী। তার কন্যা জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর