August 11, 2026, 5:21 pm

ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালবিরোধী অভিযান, দুই নারীর কারাদণ্ড

Reporter Name
  • আপডেট Tuesday, August 11, 2026
  • 13 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দালালচক্রের তিন নারী সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মধ্যে দুই নারীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার জয়পুর গ্রামের মোছা. শিরিন (৩৫) ও দক্ষিণ বড়ভাগ গ্রামের মোছা. কমলা (৩৫)। ১০ হাজার টাকা জরিমানা গুণতে হওয়া অন্যজন হলেন হাটুলিয়া গ্রামের মোছা. রেখা বেগম (২৮)।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস উপজেলার ‘টপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার’ পরিদর্শন করেন। ল্যাবরেটরির তাপমাত্রা নির্ধারিত মান অনুযায়ী না থাকায় স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবটি বন্ধ করে তালা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে হাসপাতালে রোগী ধরতে দালাল না পাঠানোর প্রতিশ্রুতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস জানান, সাধারণ রোগীদের স্বার্থ রক্ষা ও হাসপাতালকে দালালমুক্ত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর