ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।(মঙ্গলবার)দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
জানা যায়, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান যাচাই এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দোকানে অভিযান করা হয়।এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স ও নজরুল স্টোরে ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য মজুত ও বিক্রির সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোরকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মেয়াদোত্তীর্ণ,ভেজাল বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান। পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার এবং বাজারে কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান।