মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের জীববৈচিত্র্য ফিরিয়ে আনার লক্ষ্যে শুরু হয়েছে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের আওতায় উপজেলার প্রায় ৪৬ দশমিক ৫৯ হেক্টর আয়তনের ১৫টি সরকারি,প্রাতিষ্ঠানিক পুকুর ও নদী-নালায় সর্বমোট ৩৮০ কেজি পোনা মাছ ছাড়া হবে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও সানজিদা রহমান।তালিকায় থাকা জলাশয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—উপজেলা পরিষদ মসজিদ পুকুর, ঈশ্বরগঞ্জ থানা পুকুর, পৌরসভা পুকুর,জামিয়া গাজীপুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা পুকুর ও তেলোয়ারী মসজিদ পুকুর। অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান এবং যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরীসহ এলাকার সাধারণ মৎস্যজীবীরা এতে অংশ নেন।