November 18, 2026, 1:20 am

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, November 16, 2026
  • 35 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে মো. ফারদিন এহসান রাতুল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার রাতুলকে জুয়া প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়। গত রোববার রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামে মানিক ভূঁইয়ার বাড়ির পেছনে একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান চলাকালে রাত সাড়ে ৩টার দিকে হারুয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চরশংকর গ্রামে অনলাইন জুয়ার আসরের খবর পান ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল সরকার। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে তার নির্দেশনায় সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নিতে জড়ো হওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ রাতুলকে আটক করে এবং অন্যরা পালিয়ে যান। সাক্ষীদের উপস্থিতিতে রাতুলের দেহ তল্লাশি করে তার পরিহিত জিনসের প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের একটি ভিভো ভি-৩০ মুঠোফোন উদ্ধার করা হয়। ওই ফোনে অনলাইন জুয়া খেলার ১৩ পাতার স্ক্রিনশট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার রাতুল চরশংকর গ্রামের মাইনুদ্দিন ভূঁইয়া ও জাকিয়া সুলতানার ছেলে।
এ ঘটনায় ১৫ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে। মাললায় ৩৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থানা-পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর