June 4, 2026, 12:40 pm

ঈশ্বরগঞ্জের ইসলামপুর মাদরাসার মান্নতে উঠল কোটি টাকা

Reporter Name
  • আপডেট Thursday, December 11, 2025
  • 93 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত সাত দশকেরও বেশি পুরোনো দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসা। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই এটি শুধু মুসলমানদের নয়, সকল ধর্মের মানুষের কাছেই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পবিত্র স্থান হিসেবে পরিচিত। মান্নত করলে আল্লাহ আশা পূরণ করেন—এই বিশ্বাসকে কেন্দ্র করে দেশজুড়ে রয়েছে এর বিশেষ পরিচিতি। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মাদ্রাসার ৭৫তম ইসলামি মহা-সম্মেলন শেষে দান ও মান্নতের টাকা গণনা করা হয়। গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকার, কৃষিপণ্যসহ বিভিন্ন জিনিসের মূল্য মিলিয়ে এবার দান-মান্নতের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটিরও বেশি টাকা।
এদিন সকালে অনেক মালামাল নিলামে বিক্রি করা হয়, আর কিছু এখনো বিক্রি না হওয়ায় মোট অর্থ আরও বাড়তে পারে বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদরাসার মুহ্তামিম মুফতি মাহমুদুল হক আযীযী বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে ২ থেকে ৩ লাখ মানুষের সমাগম হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নিরাপত্তায় ছিল মাদ্রাসার ৫ শতাধিক স্বেচ্ছাসেবক, পাশাপাশি পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। সব টাকা ব্যাংকে পৌঁছানো পর্যন্ত পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে।
বরিশালের ভোলার চরফ্যাশন থেকে আসা মাহমুদ কলি বলেন, “অনেক আলেমের মুখে শুনতাম ঈশ্বরগঞ্জের ইসলামপুর মাদ্রাসার মাহফিল দেশের বৃহৎ কয়েকটা ইসলামি সম্মেনের মধ্যে অন্যতম একটি। কখনো আসার সৌভাগ্য হয়নি। স্বপ্ন ছিল জীবনে একবার হলেও আসবো, এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
এ মাহফিলে শুধু মুসলিম নয়, সনাতন ধর্মাবলম্বীরাও মান্নত ও দান নিয়ে আসেন। কাজলসহ আরও কয়েকজন সনাতন ধর্মাবলম্বী বলেন, “কোন কিছুর নিয়ত করে ইসলামপুর মাদ্রাসার মান্নত করলে তা শতভাগ সফল হয়। সে কারণেই আমাদের ধর্মের অনেক লোকজনও এখানে দান ও মান্নত করে।”
মান্নত কাউন্টারের সামনে ঈশ্বরগঞ্জের এহছানুল হক রানা এবং বাবুল মিয়া বলেন, “ছোট বেলা থেকেই ইসলামপুরের সভায় আসি। মান্নত ও দান-সদকা করি। এখানে কোন কিছু আশা করে মান্নত করলে আল্লাহ তা পূরণ করে দেন। যাদের বিয়ে হয় না, মান্নত করলে বিয়ে হয়। চুরি যাওয়া জিনিস ফিরে পাওয়াসহ অসংখ্য নজির আছে। সবই আল্লাহর রহমত, তার লীলাখেলা।” এদিকে স্থানীয়রা জানান, এ মাহফিলকে ঘিরে এলাকায় ঈদের মতো আনন্দ বিরাজ করে।
মুফতি মাহমুদুল হক আযীযী বলেন, “ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে প্রতিবছরের মতো এবারও বার্ষিক সভায় সকলের দান এবং মান্নতে কোটি টাকা উঠেছে। সেই টাকা কর্তৃপক্ষ মাদ্রাসার এতিম, গরীব, অসহায় ছাত্রদের পিছনে ব্যয় করে থাকেন। এছাড়াও এই অর্থ দিয়ে মাদরাসার বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালানা করা হয়ে থাকে।”
মাদ্রাসার সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “ঐতিহ্যবাহী ইসলামপুর মাদরাসার শিক্ষা ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন মূলত সকলের দানের ভিত্তিতেই চলে। আমরা চাই এই মাদরাসার বার্ষিক সম্মেলনে আরও বেশি মানুষ অংশগ্রহণ করুক। সকলের সহযোগীতায় ইসলামিক স্কলারদের সমন্বয়ে ইসলামপুর মাদরাসার শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তুলতে চাই আমরা।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর