স্টাফ রিপোর্টার:: হত্যা ও অন্যান্য ফৌজদারি মামলার আসামি হয়েও প্রকাশ্যে চলাফেরা করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। তারা অনেকে ওই এলাকায় প্রকাশ্যে ব্যবসা পরিচালনা করছেন, আবার কেউ এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। তবে এসব আসামিকে গ্রেপ্তার করতে না পারায় আশুলিয়া থানা পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসামীরা হচ্ছেন- আকাশ দেওয়ান (২৭), আসিফ দেওয়ান (২৫) ও মো. জাহাঙ্গীর আলম ওরফে কালা জাহাঙ্গীর (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দেওয়ানের বিরুদ্ধে আশুলিয়া থানার এফআইআর নম্বর ১৬, তারিখ ২০ আগস্ট ২০২৪ এবং জিআর নম্বর ৫৩২-এর একটি মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, আসিফ দেওয়ানের বিরুদ্ধে সাভার থানার এফআইআর নম্বর ৪, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪ এবং জিআর নম্বর ৪৯৬-এর মামলায় দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
এ ছাড়া মো. জাহাঙ্গীর আলম ওরফে কালা জাহাঙ্গীরের বিরুদ্ধে আশুলিয়া থানার এফআইআর নম্বর ৪১, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩ এবং জিআর নম্বর ৮৯৮-এর মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটিতে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৩৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব মামলার আসামি হয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের কেউ কেউ নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন বলেও দাবি করা হয়েছে।
এলাকার এক ভুক্তভোগী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের দুজনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মামলাও রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, মামলার আসামি হয়েও তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি তাঁর মাছের খামারে হামলা চালিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে।
ভুক্তভোগী আরও বলেন, অভিযুক্তদের ভয়ে তিনি এলাকায় প্রবেশ করতে পারছেন না। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগও দিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “পুলিশ চাইলে যেকোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, আর পুলিশ বলছে তাঁদের অবস্থান জানা নেই। বিষয়টি অত্যন্ত রহস্যজনক।”
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বলেন, আসামিদের গ্রেপ্তারে নিয়মিত চেষ্টা অব্যাহত রয়েছে। তাঁদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সব আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।”
এদিকে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তাঁদের মতে, মামলার নথি ও আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি।