July 4, 2026, 5:44 pm

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী আটক

Reporter Name
  • আপডেট Monday, August 18, 2025
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত পাঁচ হাজার টাকা, মাদকদ্রব্য গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান। এর আগে ভোররাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাব থানার চর উজিলাব এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)। যৌথবাহিনী জানায়, সোমবার ভোররাতে জামগড়া সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের পাঁচ হাজার টাকা ও নেশাদ্রব্য গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সকালে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর