ক্রীড়া প্রতিবেদক :: নিজেদের সুবিধামতো উইকেট বানিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। তাতে কিউইদের বিপক্ষে এই সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। তবে হারের পরও উইকেট নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। নাজমুলের কথায় বরং ঘরের মাঠে সামনেও স্পিন সহায়ক উইকেটে খেলার ভাবনা প্রকাশ পেয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঘরের মাঠের সুবিধা বুমেরাং হয়েছে কি না এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘না, আমার কাছে এ রকম মনে হয় না। যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে এখানে তো আমরা উন্নতি করতে আসি নাই। এখানে আমরা জিততে এসেছি। এখানে জেতার জন্য আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত, ওটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, এ ধরনের সুবিধা অবশ্যই নেওয়া উচিত।’
উন্নতির কাজটা নাজমুল ঘরোয়া ক্রিকেট থেকে চান, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা যখন প্রথম শ্রেণির ক্রিকেটে খেলি, সেখানে আমরা ভালো উইকেটে বা এমন কন্ডিশন (স্পিন সহায়ক) বানিয়ে অনুশীলন করতে পারি। যখন আমরা ঘরের মাঠে খেলব, এনসিএলে এমন উইকেটে খেললাম। আবার বাইরের খেলার জন্য ওই ধরনের (স্পোর্টিং বা পেস সহায়ক) দুই-তিনটা উইকেট বানালাম। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট অনুশীলনের জায়গা না। এখানে উন্নতি করারও কিছু নেই যে ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম। এখানে আমরা জেতার জন্য আসি।