স্পোর্টস ডেস্ক :: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যালেক্স হেলস। মারকুটে এই ওপেনার ড্রাগ টেস্টে পাশ করতে না পারায় ২০১৯ বিশ্বকাপে খেলতে পারেননি। জনি বেয়ারস্টোর ইনজুরিতে বছর তিনেক পর গত বছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন তিনি। এরপর জিতেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আর ইংল্যান্ডের জার্সিতে দেখা যায়নি হেলসকে।
যদিও বিশ্বকাপের পর ইংল্যান্ড দলে নিয়মিতই থাকতে পারতেন হেলস। কিন্তু হেলসের ভাবনায় ছিল শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তাই ইংল্যান্ডকে সময় দিতে পারেননি তিনি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত হতে ইংল্যান্ডের জার্সিই তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মারকুটে এই ব্যাটার।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে হেলস এক বিবৃতিতে লিখেছেন, ‘তিন ফরম্যাটে ম্যাচে দেশের হয়ে খেলা সৌভাগ্যের বিষয়। কিছু স্মৃতি জমেছে, কিছু বন্ধু পেয়েছি, যা আজীবন মনে গেঁথে থাকবে। এখন অবসরের সময়। এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল এবং আমি খুব সন্তুষ্ট বোধ করছি যে ইংল্যান্ডের হয়ে আমার শেষ খেলাটি বিশ্বকাপ ফাইনাল জিতেছিল।’
২০১১ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় হেলসের। একই প্রতিপক্ষের বিপক্ষে হেলসের ওয়ানডে অভিষেক হয় ২০১৪ সালে। আর পরের বছর ডানহাতি এই ওপেনারের টেস্ট অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও ৩৭.৭৯ গড়ে ২৪১৯ রান নিয়ে ক্যারিয়ার শেষ করছেন হেলস। এছাড়া টি-টোয়েন্টিতে ২ হাজারেরও বেশি রান করেছেন। টি-টোয়েন্টিতে তার একমাত্র শতকটি এসেছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে। ২০১৫-১৬ মৌসুমে ১১ টেস্ট খেলেছিলেন হেলস। যেখানে তার গড় ছিল ২৭.২৮।