September 2, 2026, 11:33 am

আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান: রাষ্ট্রপতি

Reporter Name
  • আপডেট Tuesday, September 1, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরেন। সাক্ষাতে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি আনসার ও ভিডিপি সদস্যদের বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। সাক্ষাতের শুরুতে আনসার ও ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মহাপরিচালক বিশেষভাবে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বাহিনীর নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। এ ছাড়া বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী বিভিন্ন কার্যক্রমে আনসার ও ভিডিপির অবদানেরও প্রশংসা করেন তিনি। আগামী দিনে এসব ক্ষেত্রে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের জন্য বাহিনীটির প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। দায়িত্ব পালনের সময় বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর