মো. জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আগে কওমি মাদরাসার স্বীকৃতি ছিল না। কওমি মাদরাসার ছাত্র ছাত্রীরা লেখা শেষ করে কোথায় যাবে তার নিশ্চিয়তা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদিস শ্রেণিকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করেছেন। এখন কওমি মাদরাসার ছাত্ররা মাস্টার্স সম্পন্ন করে বিসিএস করে যেকোনো স্থানে যেতে পারবে। গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর হুজ্জত আলী মসজিদ ও মাদরাসার বহুতল ভবনের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সরকারি অনুদান যা পাই তার বেশির ভাগই মসজিদ-মাদরাসার জন্য ব্যয় করি। এছাড়া বিশ্ব ইজতেমা ময়দানের ব্যাপক উন্নয়ন করেছি। ইজতেমা ময়দানে পর্যাপ্ত পানি ও টয়লেটের ব্যবস্থা ছিল না। এখন শতভাগ পানির ও টয়লেটের ব্যবস্থা করেছি। তিন তলা বিশিষ্ট ৩১টি টয়লেট ভবন নির্মাণ করেছি। ইজতেমা ময়দানের সার্বিক উন্নয়নে প্রায় ১১০কোটি টাকার কাজ করেছি।
যুব ও ক্রীড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগে সরকারিভাবে মসজিদ নির্মাণের ট্রেডিশন ছিল না। প্রধানমন্ত্রী সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করে নজির স্থাপন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মতিউর রহমান বিকমসহ স্থানীয় এলাকাবাসী। পরে তিনি নৌকার মার্কায় ভোট ও সকলের কাছে দোয়া কামনা করেন।