September 16, 2026, 1:16 pm

অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, September 16, 2026
  • 21 জন দেখেছে

নাটোর প্রতিনিধি:: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, অসহায় মানুষের পাশে রয়েছে সরকার। দেশের যেকোনো প্রান্তের মানুষের অসুবিধা দূর করে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করাই সরকারের লক্ষ্য। অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। এ দেশে কেউ আর ভাগ্যাহত থাকবে না। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উপজেলার নওশারা সুলতানপুরে ২১৪টি এবং দিয়ার শংকরপুরে ১৮৬টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চালসহ ডাল, ভোজ্যতেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বন্যার্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি, যাতায়াতব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চাই।’
ফারজানা শারমীন আরও বলেন, চরে কোনো অপশক্তিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবন অনিশ্চয়তার মুখে নিয়ে যেতে দেওয়া হবে না। চরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সম্ভাবনাময় চরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতেও পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘দুর্যোগকালে সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও আপনাদের পাশে থাকতে চাই। কোনো ব্যক্তি বা পরিবার আর অনিশ্চয়তায় থাকবে না। প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর