বিনোদন ডেস্ক :: অবশেষে জীবনের প্রথম পরিচালনা সিনেমা ‘অসম্ভব’-এর মুুক্তির তারিখ চূড়ান্ত করলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। আগামী ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি। এরই মধ্যে সিনেমার যাবতীয় সব কাজ শেষ হয়েছে উল্লেখ করে অরুণা বিশ্বাস জানান, আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত।
এরই মধ্যে ভূয়সী প্রশংসার মধ্য দিয়ে সিনেমাটি সেন্সর ছাড়পত্রও লাভ করেছে। সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ^াসের মা জ্যোৎস্না বিশ^াস, আবুল হায়াত, সোহানা সাবা, নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকেই। সিনেমাতে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার বাংলাদেশের গর্ব গাজী মাজহারুল আনোয়ারের একটি মৌলিক গান আছে। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটিও এই সিনেমায় ব্যবহৃত হয়েছে।
সিনেমার গল্প লিখেছেন অরুনা বিশ্বাসের ভাই মিঠু বিশ্বাস। সংলাপ রচনা করেছেন মুজতবা সউদ। চিত্রনাট্য মিঠু বিশ্বাসের। ‘যাত্রা ভিশন’র ব্যানারে নির্মিত এই সিনেমার নির্মাণ ব্যয় সরকারের নির্দিষ্ট বাজেট অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন অরুণা বিশ্বাস। যে কারণে সিনেমাটি নির্মাণ করতে গিয়েও কষ্টের সম্মুখীন হয়েছিলেন বলে জানান তিনি। অরুণা বিশ^াস বলেন, “শুধু একটি কথাই বলতে চাই- আমার পরিচালিত ‘অসম্ভব’ মুক্তির পর এই সিনেমা নিয়ে গবেষণা হবে। আমি আমার সবটুকু মেধা দিয়ে শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। একজন শিল্পী হিসেবে অতৃপ্তির জায়গাটা কোথায় সেটা আমি অনুধাবন করতে পারি। যে কারণে সেই অতৃপ্তি যেন না থাকে সেভাবেই সিনেমাটি অনেক খেটে, অনেক শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমার সব অভিনয়শিল্পী ও কলাকুশলীর আন্তরিক সহযোগিতার কারণেই আমি আরও বেশি আশাবাদী হয়ে উঠেছি।”