September 20, 2026, 3:42 pm

অপ্রতিম হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Sunday, September 20, 2026
  • 19 জন দেখেছে

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হতে থাকে।
এ সময় শিক্ষার্থীদের অপ্রতিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এর আগে, রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কোটবাড়ি গন্ধমতি এলাকায় অপ্রতিমের বাড়ির দিকে যান। সেখানে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এদিকে, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আজ রোববার দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর