April 30, 2026, 10:35 pm

অনিশ্চয়তা কাটিয়ে ফেনীতে ২৮ কোটির উন্নয়নকাজ শুরু

ফেনী প্রতিনিধি::
  • আপডেট Thursday, April 30, 2026
  • 3 জন দেখেছে

ফেনী প্রতিনিধি:: চাঁদা দাবি ও হামলার মুখে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের ফায়ার সার্ভিস এলাকায় এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা।
পৌরসভা সূত্র জানায়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের (আরইউটিডিপি)’ অধীনে এই কাজ চলছে। প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে শহরের ট্রাংক রোড জিরো পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত ড্রেন ও ফুটপাত নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের কার্যাদেশ পায় আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। গত বছরের ২৭ অক্টোবর কার্যাদেশ পেলেও দফায় দফায় হামলার কারণে গত পাঁচ মাস কাজ শুরুই করা যায়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গিয়ে তারা চরম বাধার মুখে পড়েছে। গত ১ ফেব্রুয়ারি ও ৩ মার্চ কাজ শুরুর সময় স্কেভেটর ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, স্থানীয় একটি পক্ষ তিন কোটি টাকা চাঁদা দাবি করেছিল। পরে তারা কাজের ভাগ চেয়েও হামলা চালায়। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও নিরাপত্তার অভাবে কাজ শুরু করা সম্ভব হয়নি।
এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে কাজের নিরাপত্তা নিশ্চিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক রোমেন শর্মা বলেন, এই পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর পরবর্তী হাজার কোটি টাকার বড় উন্নয়ন পরিকল্পনা নির্ভর করছে। দ্রুততম সময়ে কাজ শেষ করতে সবার সহযোগিতা চান তিনি।
উদ্বোধনকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিমসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর