September 17, 2026, 2:52 pm

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে বড় রদবদল

Reporter Name
  • আপডেট Thursday, September 17, 2026
  • 17 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের মোট ১১ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেছেন।
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তর, মো. ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তর এবং মো. কামরুল আহসানকে বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে জারি করা দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এতে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসব বদলি ও পদায়নের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর