October 3, 2026, 11:41 am

অটোরিকশা গ্যারেজে তল্লাশি, অবৈধ বিদ্যুৎ সংযোগে মাসে আয় ২০ হাজার টাকা

Reporter Name
  • আপডেট Monday, September 14, 2026
  • 50 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে গ্যারেজ থেকে মাসে ২০ হাজার টাকা করে আদায় করার অভিযোগে রায়েরবাজারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ছয়টি অবৈধ অটোরিকশা গ্যারেজে তল্লাশি চালিয়ে চারটিতে চোরাই বিদ্যুৎ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ সময় এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
ডিএমপি জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিটের সঙ্গে ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অভিযানে অংশ নেয়।
ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় অবৈধ ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ সঠিক পাওয়া গেলেও বাকি চারটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। পরে ঘটনাস্থল থেকে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চোরাই বিদ্যুৎ সংযোগ সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযান চলছে। তিনি রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিটি গ্যারেজ থেকে মাসে ২০ হাজার টাকা করে আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে তেজগাঁও ট্রাফিক বিভাগের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন।
ডিএমপি জানিয়েছে, অবৈধ অটো রিকশা গ্যারেজ এবং চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর