May 13, 2026, 9:48 am

হজ পালনে সৌদি আরবের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

Reporter Name
  • আপডেট Friday, June 23, 2023
  • 128 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে ১০ দিনের সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতি, তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছার কথা রাষ্ট্রপতির। সেখানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি ও দূতাবাসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানাবেন। কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপ্রধান সেখানে আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতি ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন। হজ ও জিয়ারতসহ সৌদি আরবে ১০ দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর