May 25, 2026, 8:09 pm

বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে: আমিনুল হক

Reporter Name
  • আপডেট Thursday, July 10, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বুধবার (৯ জুলাই) বাড্ডা ও রামপুরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে জনগণ তাদের নাগরিক অধিকার ফিরিয়ে নেবে। যারা নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করুন। আগামী নির্বাচনের পরে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে। কত শখ জাগছে তাদের! কিন্তু এটা এতো সহজ নয়। যেখানে সাধারণ মানুষের মতামত থাকবে না, সেই পদ্ধতি কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সঙ্গে নিয়ে, তাদের পাশে থেকে, তাদের ভোটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বাড্ডা থানা বিএনপি আহবায়ক আব্দুল কাদের বাবু ও রামপুরা থানা বিএনপি আহ্বায়ক হেলাল কবির হেলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দফতরের দায়িত্বপ্রাপ্ত), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর