স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি বাস টার্মিনাল নির্মাণের দাবি দীর্ঘদিনের। আমরা ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এসব উন্নয়ন এই অঞ্চলের মানুষকে সাথে নিয়েই করতে চাই। তার আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশকিছু স্থানে সড়কে ত্রুটি রয়েছে। আমরা এই সড়ক দ্রুত সংস্কার করতে কাজ করছি। অনেক স্থানে কিছু ত্রুটির কারণে ভোগান্তি হতে পারে। আমরা যতটা সম্ভব সেই স্থানগুলো মেরামত করেছি বা করা হচ্ছে। চন্দ্রা এলাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো যখন নির্বিঘ্নে যমুনা সেতু পর্যন্ত পৌঁছে যায় তখন আমাদের অনেকটাই শান্তি লাগে। এ অঞ্চলে কর্মজীবী মানুষ বছরে এই দুটো উৎসবেই পরিবারসহ বাড়ি গিয়ে থাকে। তাদের এই যাত্রা আমাদের সকলের প্রচেষ্টায় শান্তিপূর্ণ করতে হবে। আজ রোববার বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের কাছে আমি একটি দাবি করে যাচ্ছি- সেটি হল এই ঈদ যাত্রায় যেন হাজার হাজার মানুষ স্বস্তিতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছুতে পারে। এই চন্দ্রা ত্রিমোড় এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলে প্রবেশের এটাই একমাত্র সহজ মাধ্যম। আমরাও এই সড়ক দিয়েই যাই। এই হাজার হাজার মানুষ যাতে আপনাদের এই এলাকা নিরাপদে ভোগান্তিহীনভাবে যাত্রা করতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। আপনারা সাধারণ মানুষ ও পরিবহন মালিক ও শ্রমিকরা যদি আমাদের জন্য এই কাজটা করেন, তাহলে আমরাও কথা দিচ্ছি- আপনাদের দাবিগুলোও আমরা বাস্তবায়ন করব।
এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহনান, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর খান প্রমুখ।