মোঃ জাফর আলী :: গাজীপুর টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার রাতে গাজীপুর মহানগর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজী টঙ্গী পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে গাজীপুরা কাজীবাড়ী পুকুরপাড়া এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী হারুন অর রশিদকে (৫০)। মোট ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। সব আসামিই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
নাম উল্লেখ থাকা আসামিদের মধ্যে রয়েছেন— ফারহাদ বিন প্রবাল, আবু সাঈদ মোল্লা, কাজী মামুন, নুরুল আমিন বাবু, আব্দুল্লাহ আল মামুন, বাদশা, আদনান খান, কাউসার, জসিম, তারা মিয়া, এম এস আরিফ, আরেফিন সিদ্দিক বুলবুল, আসাদুজ্জামান মামুন, আজিজুর রহমান টিপু, নাহিদ, সেলিম, সোহেল আহাম্মেদ ময়না, মাইদুল মোল্লা, সেলিম মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল ইসলাম, মইনুদ্দিন ওরফে পোইটকা মইন, আলমগীর হোসেন, নাজমুল করিম বাবু, ফজলে রাব্বি প্রমুখ।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বাদী হুমায়ুন কাজী তার কয়েকজন সহযোগীকে নিয়ে গাজীপুরা পশ্চিমপাড়ার স্যার্টান টেক্সটাইলস লিমিটেডে চুক্তি অনুযায়ী বাতিলকৃত কাপড় (ঝুট) সংগ্রহের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে দেখা করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় রাতেই বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।