গত ১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা সমাবেশ করতেই পারে। আজ রোববার দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগামের আয়োজন করে। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ ইনডোরে করতেই পারে। তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল সেটা কমিশনার যাচাই করে অনুমতি দিয়েছে।
মন্ত্রী বলেন, বাইতুল মোকাররমের উত্তর গেইটে তারা সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি তারা ভাঙচুর করেছে। এসব কিছু মাথায় রেখেই তাদেরকে ইনডোর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মো. মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। দলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শনিবার সমাবেশ করতে চাইলেও, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তাদেরকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। তবে পুলিশ বলেছে, মিছিল করা যাবে না। সড়কে যান চলাচলও বন্ধ করা যাবে না।