May 15, 2026, 1:21 am

গাজীপুরে রেল ও সড়কপথ অবরোধ শিক্ষার্থীদের

Reporter Name
  • আপডেট Tuesday, July 16, 2024
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে কোটাবিরোধী আন্দোলনে রেল ও সড়কপথে সর্বাত্মক অবরোধ হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসেন। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তায় হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে অবরোধ করায় উভয় সড়কে যানবাহন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে ডুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা-শিমুলতলী সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেললাইনের স্থানীয় ভুরুলিয়া তিতাস গ্যাস অফিস-সংলগ্ন রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে কাঠের গুড়ি ফেলে রেলপথ অবরোধ করে। এতে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস আটকা পড়ে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভুরুলিয়া এলাকায় অবস্থান করছে।
ডুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের অপর একটি অংশ মিছিল নিয়ে শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। তারা ফ্লাইওভারের চার দিকে জড়ো হয়ে অবরোধ সৃষ্টি করায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, চান্দনা চৌরাস্তায় একটি মিছিল নিয়ে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা-ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
কোটা সংস্কারের দাবিতে গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে তারা চান্দনা চৌরাস্তার দিকে অগ্রসর হয়। এদিক সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর