স্টাফ রিপোর্টার:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সদর দপ্তরের সভাকক্ষে আজ বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং এর সভাপতিত্ব করেন এস এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খানের দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা শাখা, গাজীপুর এর উত্তর এবং টঙ্গী পূর্ব থানার ২টি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্হ জয়দেবপুর রোড রহমান শপিংমলের সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশী জাল নোট সর্বমোট ২লক্ষ ৯৮হাজার ২শ‘ টাকাসহ একজনকে গ্রেফতার কওে এবং গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক মোড়ে বিশেষ চেকপোষ্ট করাকালে ১টি বিদেশী রিভলবার, ৬রাউন্ড গুলি ও ১টি মোটর সাইকেল সহ ১জন অস্ত্রধারী আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাসন থানা এবং টঙ্গী পূর্ব থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।