নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী| আজ সোমবার সকালে মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়| এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী|
মানববন্ধন চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়| এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়| মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি বোর্ড বাজার এলাকায় একটি নিরাপদ ওভারব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান|
গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে মানববন্ধনে বক্তরা বলেন, বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে| বিশেষ করে বোর্ড বাজার এলাকায় সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এতে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে| দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে| ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছে| এ অবস্থার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে|
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজী আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল, মো. জয়নাল আবেদীন তালুকদার, আলম মাস্টার, শরিফ সরকার ও ইউসুফ সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ|