May 15, 2026, 7:38 pm

গাজীপুরের কালীগঞ্জে মানবিক সহায়তায় বদলে গেল এক পরিবারের গল্প

Reporter Name
  • আপডেট Saturday, April 4, 2026
  • 35 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: জন্ম থেকেই এক চোখে দৃষ্টি ছিল না। তবুও অন্য চোখের আলোয় পৃথিবী দেখেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন চল্লিশোর্ধ্ব মো. আল আমিন মোল্লা। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সেই শেষ আলোটুকুও নিভে গেলে যেন অন্ধকারে ডুবে যায় স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের এই পরিবারটি।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাসিন্দা আল আমিনের জীবনে তখন নেমে আসে কঠিন বাস্তবতা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া সত্ত্বেও দৃষ্টি হারিয়ে কর্মক্ষমতা হারান তিনি। কিশোর ছেলের মাদ্রাসার পড়াশোনাও থেমে যায় অর্থাভাবে। জীবিকার তাগিদে একটি গ্যারেজে কাজ শুরু করলেও তাতে সংসারের অভাব ঘুচছিল না, অনেক সময় না খেয়ে দিন কাটাতে হতো তাদের।
এমন দুঃসময়ে আশার আলো হয়ে তার পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’। প্রবাসী এক সদস্যের মাধ্যমে সংগঠনের সঙ্গে পরিচয় হয় আল আমিনের। তার অসহায় জীবনের গল্প শুনে এগিয়ে আসে সংগঠন।
সংগঠনের আর্থিক সহায়তায় আল আমিনকে উপহার দেওয়া হয় একটি ব্যাটারিচালিত অটোরিকশা। নতুন এই জীবিকার মাধ্যমেই আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। দৃষ্টি না থাকলেও এখন তার সামনে আছে সম্ভাবনার নতুন দিগন্ত- পরিবারকে স্বাবলম্বী করার দৃঢ় প্রত্যয়। নিজে চালাতে না পারলেও ভাড়া দিয়ে চলবে তার সংসার। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে কালীগঞ্জ কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আল আমিনের হাতে অটোরিকশার চাবি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও একই দিনে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের রানু বেগমের ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মু. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রাশিদুল হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মুর্শিদ উজ্জামান, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, কাজী জাহেদ হাসান, সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর আক্তার, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কার্যনির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, মো. আক্তারুজ্জামান, সাবেক কার্যনির্বাহী সদস্য মুশাহেদা মুশি, সদস্য দুলাল মোড়লসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মানবিক সহায়তার এই উদ্যোগ শুধু একটি পরিবারকেই নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে- যেখানে অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে আশার আলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর