May 17, 2026, 8:58 am

গণপিটুনি বা সংঘবদ্ধ সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Sunday, July 6, 2025
  • 58 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণপিটুনি বা সংঘবদ্ধ সহিংসতার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আজ রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না। এখন কিন্তু অপরাধ পর্যালোচনার প্ল্যাটফর্মের মাধ্যমে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি।
তিনি আরও বলেন, রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে তাকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যদি এইসব ঘটনার সাথে কেউ জড়িত থাকেন তাকেও আইনের আওতায় আনা হবে।
উপদেষ্টা বলেন, দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তা মোকাবিলা করেছে। তবে কারখানার সংখ্যা যেহেতু বাড়ছে, তাই এই বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। উত্তরা পূর্ব থানার কিছু সমস্যা রয়েছে। আজ থানা পরিদর্শনের পর সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো।
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর