আজ রোববার রাত পোহালে আগামীকাল সোমবার (১২ জুন) সকালে খুলনার মাঠে গড়াবে ভোটের বল। ইতোমধ্যেই নির্বাচন কমিশন এবং ১৮০ জন প্রার্থী সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরই মধ্যে ৫ মেয়র প্রার্থী কখন কোন কেন্দ্রে ভোট দেবেন সেটিও নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে খুলনা সিটি করপোরেশনের ভোটগ্রহণ।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতীকে নির্বাচন করছেন। ভোটের শুরুতেই প্রার্থীরা সবাই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন।
নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ জানানা, আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকাল ৯টায় পাইওনিয়র স্কুলে তার ভোট প্রদান করবেন। জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ভোট দেবেন সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় ভোট দেবেন।
খুলনা আলিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান মুশফিক। এছাড়া জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ভোট দেবেন মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ ওয়ার্ডের সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন সাধারণ কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুই জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯ কেন্দ্রের ১ হাজার ৭৩২টি কক্ষে হবে। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এবারের নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।