May 31, 2026, 12:05 pm

কোনো শক্তিই নির্বাচনকে বানচাল করতে পারবে না: কৃষিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, July 17, 2023
  • 159 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। যে কোনো মূল্যে বিএনপির এসব আন্দোলন সন্ত্রাস মোকাবেলা করা হবে। কোনো শক্তিই নির্বাচনকে বানচাল করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। 

সোমবার দুপুরে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এ বছর একযোগে ৫ লাখ চারা বিতরণ করা হবে।মন্ত্রী বলেন, ২০০৮ সালে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেটিও বিএনপি মেনে নেয়নি। তারপর থেকে বিগত ১৪ বছর ধরে বিএনপি একই কোরাস গেয়ে চলেছে এবং হরতাল আর আন্দোলন করে যাচ্ছে। সংবিধানের আলোকে নির্বাচন হবে কিন্তু তারা সেটি মানবে না। এখন আবার হরতালের ভয় দেখাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সুসংগঠিত ও শক্তিশালী দল। বিএনপিকে মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাস মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে।

সংলাপের প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলোচনার আগে বিএনপিকে স্বীকার করতে হবে—তারা নির্বাচনে আসবে, সংবিধানের আলোকেই নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন,  তাহলেই চিন্তা করা যাবে আলোচনার কথা। বিএনপির সঙ্গে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে, তবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও বৃক্ষরোপণ ক্যাটাগরিতে ৫ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি জানান, এ বছর রাউজান উপজেলায় ৫১ রকমের ফলদ ও বনজ ৫ লাখ গাছের চারা রোপণ করা হবে। এর আগে গত ১০ বছরে ২০ লাখ চারা রোপণ করা হয়েছে। 

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব প্রমুখ বক্তব্য রাখেন। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর