স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুুরে র্যাব ও বিটিআরসি’স যৌথ অভিযানে অবৈধ নেটওয়ার্ক রিপিটার বুস্টার জব্দ করা হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন র্যাব-১ ও বিটিআরসি যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে গাজীপুর জেলা সদর, শ্রীপুর উপজেলা, জয়দেবপুর থানা এবং ময়মনসিংহের ভালুকা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি বিপনী বিতানের একটি টাওয়ার, শহিদুল্লাহ্ কমপ্লেক্সের দুটি টাওয়ার, শ্রীপুর রোডের একটি টাওয়ার, সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি টাওয়ার, মন্ডল গ্রুপের একটি টাওয়ার, মহানগরের সালনা বাজার এলাকার একটি টাওয়ার, মুন্সীপাড়া এলাকার রফিক ভবনের একটি টাওয়ার, হাক্কানী হাউজিং সোসাইটির একটি টাওয়ার, জৈনা বাজার এলাকার একটি টাওয়ার, হোতাপাড়া এলাকার একটি টাওয়ার ও ভালুকার স্কয়ার মাষ্টারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২টি ইনডোর রিপিটার বুস্টার, ৪টি আউটডোর রিপিটার বুস্টার, ৭৬টি ছোট-বড় বিভিন্ন এ্যান্টেনা, ৫২টি সুইচ এবং তিনটি ইনডোর রিপিটার এ্যান্টেনা জব্দ করা হয়। জব্দকৃত অপরাধ বেতারযন্ত্রের আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত বিটিআরসি কতৃর্ক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন, উপ-সহকারী পরিচালক(এসএম) সরফুদ্দিন চৌধুরী, র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন (বিপিএম, সেবা), স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত অভিযানে নেতৃত্ব দেন।