July 11, 2026, 8:58 am

জোভানের অভিযোগ, ফারিণের জবাব

Reporter Name
  • আপডেট Saturday, September 2, 2023
  • 144 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: নাটক থেকে ওটিটিতে যাওয়ার পর নাটককেই অবজ্ঞা করেন কিছু শিল্পী- এমন একটি অভিযোগের সূত্রে দুদিন ধরে চর্চা হচ্ছে মিডিয়ায়। নাম উল্লেখ না করে অভিযোগটি উত্থাপন করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। গণমাধ্যমকে তিনি জানান, তারই এক সহশিল্পী নাটক নয়, বরং ওটিটির কাজকে প্রাধান্য দিচ্ছেন। এমনকি নিজের অভিনীত নাটকের প্রচারেও নাকি সেই অভিনেত্রী অংশ নিচ্ছেন না। অভিনেত্রীর নাম উচ্চারণ না করলেও নাটকের নাম জানান জোভান। সেটা হলো ‘জানেমান তুই আমার’। মহিদুল মহিম পরিচালিত এই নাটকে জোভানের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ। বুঝতে কারও বাকি নেই, জোভানের অভিযোগের তীর ফারিণের দিকে।

এ প্রসঙ্গে জানতে তাসনিয়া ফারিণের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবশ্য বেশ কিছু দিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তাই ক্ষুদে বার্তায় তিনি পরিষ্কার করলেন নিজের অবস্থান, দিলেন জোভানের অভিযোগের জবাব

ফারিণ বললেন, ‘এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। এই নিউজ প্রকাশের দু’দিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!’

ফারিণের মতে, পারস্পরিক আলোচনার মাধ্যমে এর চেয়ে বড় বিষয়েরও সুন্দর সমাধান করা যায়। অথচ ‘জানেমান তুই আমার’ নাটক প্রসঙ্গে নির্মাতা কিংবা অভিনেতা কেউই নাকি তার সঙ্গে আলাপ করেননি।

ফারিণের ভাষ্য, ‘তিনি (জোভান) কিংবা নির্মাতা কেউই আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। যদি কোনও বিষয়ে সংশয় থাকে, তিনি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আর আমি তো ১৫ দিন ধরে দেশে নেই। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আশা করি একে-অন্যের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হবো। এবং হ্যাঁ, এটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কিছু বলার থাকলে সরাসরি আমার সঙ্গে শেয়ার করা যেতো।’

ছোট পর্দার নাটক দিয়েই ফারিণের উত্থান। কিন্তু এখন তিনি ওটিটির কাজে দাপিয়ে বেড়াচ্ছেন। অভিষেক হয়েছে সিনেমায়ও। কিন্তু নাটকের প্রতি কি তার উদাসীনতা তৈরি হয়েছে? জোভানের অভিযোগের বিপরীতে ফারিণের স্পষ্ট জবাব, ‘এটা কেবল তার অনুমান; এতে কোনও সত্যতা নেই।’

প্রসঙ্গত, গেলো ১১ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন তাসনিয়া ফারিণ। দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমকে পূর্ণতা দিয়েছেন অভিনেত্রী। তার বরের নাম শেখ রেজওয়ান। বিয়ে সেরে তারা এখন হানিমুনে রয়েছেন। একাধিক দেশ ঘুরে উপভোগ করছেন জীবনের নতুন অধ্যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর