ক্রীড়া ডেস্ক :: বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে খিলক্ষেত নামাপাড়ার মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি-সংলগ্ন মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, নাম ‘জাতীয়তাবাদী ক্রীড়া দল’। এই খেলাতে জাতীয় ফুটবল দলের অনেক সাবেক ফুটবলাররা অংশ নেবেন।
জানা যায়, এই টুর্নামেন্টে ঢাকা, নরসিংদী জেলা, খুলনা বিভাগ ও মিরপুর সোনালি অতীত নামের চারটি দল অংশ নিবে। বেলা সাড়ে তিনটায় ঢাকা জেলা ও খুলনা বিভাগ প্রথম ম্যাচ শুরু হওয়ার। এরপর মিরপুর সোনালি অতীত ও নরসিংদী জেলা ম্যাচ হবে। দুটি ম্যাচে বিজয়ী দল নিয়ে বিকেলেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে ৩০ মিনিট করে খেলা হবে।
ঢাকা জেলা দলের নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিরপুর সোনালি অতীতের নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খুলনা দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল উদ্দিন ও নরসিংদী জেলা দলে রয়েছেন সাবেক ফুটবলার ওয়ালিদ। এই দলের খেলোয়াড় হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও রয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত থাকবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে অনুষ্ঠেয় ফুটবল টুর্নামেন্টে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়া থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, বিএনপির ঘোষণাপত্রের ২৮ নম্বর ধারায় বলা হয়, জাতির স্বতঃস্ফূর্ত সৃজনশীল প্রতিভার সুষ্ঠু সার্বিক বিকাশের উদ্দেশ্যে আমাদের দল সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়ার সংগঠিত ও বিস্তৃততর উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। এই ধারাকে সামনে রেখেই এ টুর্নামেন্টের আয়োজন হচ্ছে।