নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মেট্রোপলিটন সদরের মজিদ মার্কেট এলাকা থেকে চুরি হওয়া সাড়ে সাত মাস বয়সী এক শিশুকে ৯৯৯-এর ফোন কলে খবর পেয়ে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে ওই শিশুকে উদ্ধারসহ চুরির অভিযোগে জাকিয়া আক্তার জান্নাত (২৩) এবং রাকিবা আক্তার আঁখি (২১) নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি বলেন, গাজীপুর সদরের একজন চা দোকানি রহিমউদ্দীন (৫৭)।তার স্ত্রী এবং সাড়ে সাত মাস বয়সী ছেলে সন্তান রোহানকে নিয়ে দুপুরে বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী চাচাত ভাইয়ের স্ত্রী তার সন্তানকে নিয়ে যান। ওই মহিলা মাঝে মাঝে তার ছেলে সন্তানকে নিয়ে রাখতেন এবং ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু এবার অনেকক্ষণ পরেও ফিরিয়ে না দেওয়ায় তার কাছে ছেলেকে চাইতে গেলে তিনি ছেলেকে আনার কথা অস্বীকার করেন।এরপর অনেক অনুরোধেও ভাতৃবধূ কিছুতেই স্বীকার করেননি। এমন তথ্য জানিয়ে এবং আইনি সহায়তার অনুরোধ জানিয়ে রহিমউদ্দীন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’নম্বরে ফোন করেন রবিবার বিকেল সাড়ে চারটায়।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জান্নাতুল ফেরদৌস। কনস্টেবল জান্নাত তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানয় ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই মনির হোসেন সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার পুলিশ দল তদন্তে নামে। জানা যায়, কলারের ভাতৃবধূর দুই জন পরিচিত মহিলা শিশুটিকে আদর করার কথা বলে কোলে নিয়ে এক ফাঁকে পালিয়ে যায়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঐ দুই মহিলার অবস্থান সনাক্ত করা হয় বগুড়ায়। পরে বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় রবিবার রাতে দুই জনকে গ্রেপ্তারসহ শিশুটিকে শিশুটিকে উদ্ধার করা হয়।পরে শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা করা হয়েছ।