নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাঙালির অতীত ইতিহাসের ঐতিহ্য যা কিছু আছে বাংলাদেশ আওয়ামী লীগ তার সঙ্গে এখনো যুক্ত আছে, ভবিষ্যতেও থাকবে। পহেলা বৈশাখের সঙ্গে সংঘাত যাদের তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। যতদিন এই দেশে আওয়ামী লীগ থাকবে ততদিন পহেলা বৈশাখ উদযাপন করবে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘বাঙালির জাতীয় সংস্কৃতির ঐতিহ্যের অংশ এই পহেলা বৈশাখ। বিলম্বে হলেও আন্তর্জাতিকভাবে আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশিষ্ট্যমণ্ডিত দিন সেটা আজ স্বীকৃতি পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য এটা সুখবর।’
তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে কয়েক বছর আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারিনি। পুরোনো ঐতিহ্যের কথা স্মরণ করে আমরা আজ বাহাদুর শাহ পার্কে মঙ্গল শোভাযাত্রা করছি।’
এবারের পহেলা বৈশাখ আমাদের জন্য শুভ বার্তা বয়ে এনেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বহুদিন পর বাঙালির চিরচেনা পরিবেশ পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। সারা বাংলায় নবজাগরণের ঢেউ জেগেছে। বাংলাদেশে আজ বাঙালি সংস্কৃতির উৎসবমুখর দিনটিকে আপামর বাঙালি তাদের হৃদয়ের যা ভালোবাসা, চেতনা সবকিছু উজাড় করে চিরচেনা পহেলা বৈশাখ উদযাপন করছে।’
সেতুমন্ত্রী বলেন, এবার নতুন বার্তা নিয়ে এসেছে পহেলা বৈশাখ। আমাদের অর্থনৈতিক সংকট, বিশ্ব অর্থনীতির সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি- এসব সমস্যায় যখন আক্রান্ত তখন পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। এর পরে ঈদ। দুটি উৎসবে গ্রাম-শহরে বাণিজ্যিক লেনদেন, বেচাকেনার মাধ্যমে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার সুবর্ণ সুযোগ পেয়েছি।