স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে আইসক্রিমের বাক্সের ভেতর ৪০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার ও একটি পিক আপ জব্দ করেছে র্যাব-১ সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের মো. জাকির ভূঁইয়ার ছেলে মোঃ তাসলিম ভূঁইয়া (৩৩), একই থানার কল্যাণপুর গ্রামের মৃত মোমর উদ্দিনের ছেলে ধন মিয়া (৬৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের মোঃ আজগর আহমদের ছেলে মোঃ জাকির আহমেদ (২৯)। তাদের মধ্যে জাকির পিকআপের চালক।
র্যাব কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে ময়মনসিংহ থেকে পিক আপযোগে গাজীপুরের দিকে গাঁজার একটি চালান আসছে বলে খবর আসে।
এমন খবরে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর মহানগরীর সদরর পোড়াবাড়ী বাজার এলাকার নিউ জুবায়ের হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর চেকপোস্ট বসায়। পরে রাত আড়াইটার দিকে সন্দিগ্ধ পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে পিক আপে তিনটি আইসক্রিমের বাক্সে থাকা ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৭টি মোবাইল সিমসহ নগদ ৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।