নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :: স্বাস্থ্য বিভাগের আওতায় ২০ হাজার প্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আড়াই লাখ বৃক্ষ রোপণ করা হবে। আজ রবিবার মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, মানুষ ভালো থাকবে।’
বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘সারা দেশে পরিস্থিতি কিছুটা খারাপ হলেও ঢাকায় স্থিতিশীল আছে। সারা দেশে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গু রোগী ভর্তি আছে। প্রায় ৮২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ঢাকা শহরে ডেঙ্গু রোগীদের জন্য প্রায় তিন হাজার বেড করা হয়েছে।এর মধ্যে দুই হাজারের বেশি রোগী ভর্তি আছে। ঢাকার বাইরেও পাঁচ হাজার বেড করা হয়েছে। আশা করছি, বেডের সংকট হবে না।’
এ সময় স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, পরিচালক ডা. মো. আরশ্বাদ উল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বক্তব্য দেন।