স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় পুকুর থেকে এক নারীসহ দুটি মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। আজ সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহজাহান মিয়া (৩৮) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। সকালে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি ২০১৩ সালের একটি ট্রিপল মার্ডার মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। পুলিশ জানায়, মরদেহ ফুলে উঠেছে, শরীর থেকে চামড়া উঠে গেছে। শরীরে পোকামাকড়ের কামড়ানোর দাগ রয়েছে। সে শনিবার বাড়া থেকে নিখোঁজ হয় বলে তার স্বজনরা জানায়। এছাড়া শাহজাহান মৃগি রোগে ভুগছিলেন।
অপরদিকে নাজমা (৪২) উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় আব্দুল জলিল গাজীর মেয়ে ও মুসলেউদ্দিনের স্ত্রী। পুলিশ জানায়, সকালে নিজ বাড়ী থেকে একই এলাকায় বাবার বাড়িতে যাওয়ার সময় পুকুর পাড় দিয়ে যাওয়ার পথে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। ওই নারীর কোমরে সমস্যা থাকায় লাঠিতে ভর করে চলাচল করত।
শ্রীপুর থানার ওসি জানান, খবর পেয়ে শাহজাহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে নাজমার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।