স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে লার্নিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। এতে প্রায় ২৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন।
ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীরা লিঙ্গবৈষম্য, বয়ঃসন্ধিকাল ও মাসিক ব্যবস্থাপনা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক প্রচলিত ভ্রান্ত ধারণা সম্পর্কে জ্ঞান অর্জন করে। অনুষ্ঠানে ১০টি প্রদর্শনী স্টলের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া।
তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা থাকা একান্ত আবশ্যক। এ ধরনের আয়োজন থেকে প্রাপ্ত জ্ঞান কিশোর-কিশোরীরা তাদের পরিবার ও সহপাঠীদের সঙ্গে ভাগ করবে এবং সমাজের ভ্রান্ত ধারণা পরিবর্তনে সাহায্য করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন্স, চন্দন জেড গোমেজ, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শফিউল আজম বাবুল, এডভোকেসি ও ক্যাম্পেইন কোঅর্ডিনেটর মীর রেজাউল করিম, প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন ও কামনাশিষ প্রমুখ।