স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কাপাসিয়ার মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথভাবে এই অভিযান চালান।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজিজুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা আনতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কাপাসিয়া মোড়ে তিনি ও এসিল্যান্ড যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বাস-ট্রাক, লরি, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশার লাইসেন্স ও রুট পারমিট যাচাই-বাছাই করা হয়। পরে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইসেন্স না থাকায় বেশ কিছু যানবাহনকে সড়ক পরিবহন আইন ২০১৮ ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২২ হাজার ৩০০ টাকা অর্থদন্ড ও একজনকে একদিনের কারাদন্ড প্রদান করা হয়। তবে জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।