স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে-কলেজ ছাত্র মো: নাসির উদ্দিন (১৮) ও পোশাক শ্রমিক মো. আরিফ (৩৫)। রোববার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এবং গাজীপুর মেট্রো সদর থানার রাজেন্দ্রপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার এসআই কবির হোসেন জানান, কলেজছাত্র নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে উপজেলার নয়নপুর গ্রাম থেকে নিজ বাড়ি সাইটালিয়া যাচ্ছিলেন। পথে জৈনাবাজার-শ্রীপুর সড়কের তেলিহাটি (কাজীবাড়ী) পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নাসির উদ্দিনের মৃত্যু হয়। নাসির শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার স্কয়ার ফ্যাশন কারখানায় চাকরিরত মো. আরিফ ও সহকর্মী আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে জামিরদিয়া থেকে গাজীপুর যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে সড়কে পড়ে থাকা সিলেকশনের বালুতে চাকা স্লিপ করে পড়ে গিয়ে মো. আরিফ প্রাণ হারান। আহত হন আব্দুর রাজ্জাক (২৬)।
আরিফ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত আব্দুর রাজ্জাক ভোলার সদর উপজেলার আলকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।