স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকার বালাদিন আমিন ট্রাস্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রাজশাহী জেলার বাঘা থানার খানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু বকর (২৮) ও নরসিংদী জেলার বেলাব থানার ভাওয়ালের চর গ্রামের মৃত-জসিম উদ্দিনের ছেলে সফিউল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গোপন সূত্রে জানতে পারি বুধবার বালাদিল আমিন ট্রাস্টের ভেতরে সরকার পতন ও নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে গোপন বৈঠকের আয়োজন করে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একদল সদস্য রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার অতিথি টাওয়ারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী পালিয়ে গেলেও আবু বকর ও সফিউল ইসলামকে আটক করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘গোপন বৈঠক চলাকালে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।